রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে একটি বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট। প্রাথমিকভাবে জানা গেছে, বিস্ফোরকটির সঙ্গে টাইমার সদৃশ একটি যন্ত্র সংযুক্ত ছিল এবং সেটি একটি ছাতার ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল।
শুক্রবার ঘটনাটি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং সড়কের এক পাশ দিয়ে যান চলাচল সীমিত করা হয়েছে।
বোম্ব ডিসপোজাল ইউনিটের এক সদস্য জানিয়েছেন, উদ্ধার করা বিস্ফোরকটির সঙ্গে টাইমার সেট করা ছিল। সেটি একটি ছাতার মধ্যে রাখা অবস্থায় পাওয়া যায়। তবে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল এবং সেটি কার্যকর অবস্থায় ছিল কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।
প্রত্যক্ষদর্শী এক আনসার সদস্য জানান, একজন পথচারী প্রথমে একটি পরিত্যক্ত ছাতা পড়ে থাকতে দেখে তাদের বিষয়টি অবহিত করেন। পরে ছাতার ভেতরে আলো জ্বলতে দেখা গেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
তিনি বলেন, “এক পথচারী আমাদের জানান, মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতা পড়ে আছে। আমরা গিয়ে দেখি একটু আলো জ্বলছে। এরপর কর্তৃপক্ষকে জানানো হলে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে সেটি নিষ্ক্রিয় করে।”
ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। বিস্ফোরকটি সেখানে কীভাবে এল, এর পেছনে কারা জড়িত এবং এটি কোনো নাশকতার উদ্দেশ্যে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য প্রকাশ থেকে বিরত রয়েছে।

