রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জাতীয় সংসদ সচিবালয়ের একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে স্পিকারের।

গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককে যান হাফিজ উদ্দিন আহমদ। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও সরকারের উচ্চ পর্যায়ের অনুরোধে সফর সংক্ষিপ্ত করে তিনি শুক্রবারই দেশে ফিরছেন বলে জানা গেছে।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, “সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা ছিল। তবে সরকারের উচ্চ পর্যায় থেকে তাকে দ্রুত দেশে ফিরতে অনুরোধ করা হয়েছে। সে কারণেই তিনি শুক্রবার দেশে ফিরছেন।”

তিনি আরও বলেন, “গতকাল থেকেই রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। সে কারণেই হয়তো সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। আশা করছি, আগামীকাল বিষয়টি আরও পরিষ্কার হবে।”

এদিকে, রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত সাংবিধানিক বিধান নিয়েও আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন।

এ ছাড়া সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

সে ক্ষেত্রে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। তবে সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা বাধ্যতামূলক।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে এখনো সরকার কিংবা রাষ্ট্রপতির কার্যালয় থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চললেও সরকারি ঘোষণার অপেক্ষায় রয়েছে দেশ।

Leave A Reply


Math Captcha
46 + = 49