অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি নতুন ভিডিওকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছেন সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ভিডিওটিতে তার সঙ্গে থাকা এক নারীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। তবে ভিডিওতে থাকা নারীর পরিচয় কিংবা ভিডিওটির সত্যতা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নিশ্চিত হয়নি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাজী নজরুল ইসলাম এক নারীকে সঙ্গে নিয়ে একটি হোটেলে প্রবেশ করছেন। সেখানে হোটেলের রিসেপশনে থাকা একজন প্রতিনিধির সঙ্গে করমর্দনের পর তারা ভেতরে প্রবেশ করেন। ভিডিওর একটি অংশে তাদের হোটেলের লবিতে অবস্থান করতে দেখা যায়।
তবে ভিডিওতে থাকা নারী গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী দাবি করা মরিয়ম আক্তার কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
এর আগে গত সোমবার রাতেও গাজী নজরুল ইসলামকে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনার পর লিখিত এক বিবৃতিতে তিনি দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী এবং ব্যক্তিগত গাড়িচালককে সঙ্গে নিয়ে দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক কার্যালয়ে গিয়েছিলেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে বুধবার রাজধানীর মিন্টো রোডে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
সর্বশেষ নতুন ভিডিওটি প্রকাশ পাওয়ার পর সাবেক এই সংসদ সদস্যকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ভিডিওটির বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে ভিডিওতে থাকা নারী ও ঘটনাটির প্রকৃত তথ্য সম্পর্কে নিশ্চিত হতে আরও আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষা করতে হবে।

