Saturday, November 7

নৈতিক স্খলনের অভিযোগ সাংগঠনিক তদন্তে প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, সম্প্রতি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে সংগঠনের পক্ষ থেকে একটি সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তাঁর নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

একই সঙ্গে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave A Reply


Math Captcha
83 + = 93