Saturday, November 7

উজানের ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে বিপৎসীমার মাত্র এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি আরও বাড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

বুধবার (২২ জুলাই) সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৪ মিটার, যেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ নদীর পানি বর্তমানে বিপৎসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে সকাল ৬টায়ও একই পানির সমতল রেকর্ড করা হয়।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও পরিস্থিতি উদ্বেগজনক নয়। আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে পানির স্তর আরও কমে বিপৎসীমার নিচে নেমে যাবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমানে পানি বৃদ্ধির কোনো শঙ্কা নেই এবং বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও নেই।

উল্লেখ্য, চলতি বর্ষা মৌসুমে তিস্তা নদীর পানি প্রথমবারের মতো গত ২৩ জুন বিপৎসীমা অতিক্রম করে। সেদিন পানি বিপৎসীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল। পরে পানির স্তর কমে যায়।

এরপর দ্বিতীয় দফায় গত ২৮ জুন তিস্তা নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। তবে প্রায় ১২ ঘণ্টা পর পানির স্তর কমে আবারও বিপৎসীমার নিচে নেমে আসে।

পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নদী তীরবর্তী এলাকাগুলোতে সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে।

Leave A Reply


Math Captcha
12 − 4 =