Saturday, November 7

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের ঘটনায় শিক্ষার্থীদের দেওয়া রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। বিভাগীয় কমিশনার ও রেলওয়ে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর বৃহস্পতিবার বিকেল ৩টা ২০ মিনিটে অবরোধ তুলে নেওয়া হয়।

এর ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করেছে। তবে অবরোধের কারণে অন্তত ১০টি আন্তঃনগর ট্রেনের সময়সূচি বিপর্যস্ত হয়েছে এবং কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ উদ্দিন আহমেদ জানিয়েছেন, অবরোধ প্রত্যাহারের পর ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে ট্রেনের সময়সূচি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

সময়সূচি বিপর্যস্ত হওয়া ট্রেনগুলোর মধ্যে রয়েছে পদ্মা এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস ও সাগরদাঁড়ি এক্সপ্রেস। এ ছাড়া মধুমতি, তিতুমীর ও টুঙ্গিপাড়া এক্সপ্রেসসহ আরও কয়েকটি ট্রেনের চলাচলেও বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

ঘটনার সূত্রপাত গত সোমবার রাতে। পদ্মা এক্সপ্রেসে ঢাকা থেকে রাজশাহী ফিরছিলেন রাবির আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফোরকান উদ্দীন। অভিযোগ রয়েছে, টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়া অর্থ আদায়ের প্রতিবাদ করলে ট্রেন টিকিট এক্সামিনার (টিটিই) সুমন আলী তাঁকে মারধর করেন।

এর প্রতিবাদে বৃহস্পতিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসসংলগ্ন চারুকলা এলাকায় রেললাইন অবরোধ করেন। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্ত টিটিই সুমন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্তে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আহত শিক্ষার্থী ফোরকান উদ্দীনের চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে গভীর রাতে চলাচলকারী পদ্মা, সাগরদাঁড়ি ও তিতুমীর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি চালু করা হবে।

এ ছাড়া আগামী ৬ আগস্ট সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পুনরায় বৈঠক অনুষ্ঠিত হবে।

অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়ে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেন, কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবিগুলো ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং তাঁরা সার্বিক সিদ্ধান্তে সন্তুষ্ট। সাময়িক ভোগান্তির জন্য অপেক্ষমাণ যাত্রীদের কাছে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দীর্ঘমেয়াদি সমস্যার সমাধানের স্বার্থেই এই আন্দোলন করা হয়েছে।

বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ বলেন, শিক্ষার্থীদের উত্থাপিত চারটি দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আব্দুল আলীম বলেন, শিক্ষার্থীর সঙ্গে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত এসেছে এবং রেলওয়ে কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবিগুলো গ্রহণ করেছে।

Leave A Reply


Math Captcha
− 5 = 3