Saturday, November 7

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—হেউন ডে টে (৩৮), কিয়াও নাইং (৩৫) এবং থেইন জও (৩৩)। তাদের মধ্যে হেউন ডে টে মিয়ানমার সেনাবাহিনীর সদস্য। অপর দুইজন মিয়ানমার পুলিশের সদস্য বলে জানা গেছে। তাদের বাড়ি মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডু এলাকায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, অনুপ্রবেশের অভিযোগে আটক তিন মিয়ানমার নাগরিককে বিজিবি থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (২২ জুলাই) সকালে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave A Reply


Math Captcha
33 − 30 =