Saturday, November 7

৩ নম্বর সতর্ক সংকেত চলাকালে চট্টগ্রামের কুমিরা-গুপ্তছড়া নৌপথে যাত্রীবাহী একটি কাঠের ট্রলার থেকে সাগরে পড়ে যান দুই যাত্রী। ট্রলারের কর্মী ও অন্যান্য যাত্রীদের দ্রুত তৎপরতায় রশি ব্যবহার করে তাঁদের জীবিত উদ্ধার করা হয়।

রোববার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়ার উদ্দেশে ট্রলারটি যাত্রা শুরু করে। কিছুক্ষণ পর উত্তাল ঢেউয়ের তোড়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটিতে শতাধিক যাত্রী ছিলেন। বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের মধ্যে চলাচলের সময় দুই যাত্রী সাগরে পড়ে গেলে ট্রলারে থাকা যাত্রী ও কর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান চালান। পরে রশির সাহায্যে তাঁদের নিরাপদে ট্রলারে তুলে আনা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও এবং এক যাত্রীর ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে, ট্রলারটিতে কোনো যাত্রীকে লাইফ জ্যাকেট সরবরাহ করা হয়নি। ফলে দুর্ঘটনার সময় যাত্রীদের জীবন আরও বেশি ঝুঁকির মুখে পড়ে।

এ ঘটনায় যাত্রীদের অভিযোগ, ৩ নম্বর সতর্ক সংকেত ও বৈরী আবহাওয়া সত্ত্বেও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ছাড়াই যাত্রী পারাপার করা হচ্ছে। তাঁরা নৌযান পরিচালনায় নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি দাবি করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে কুমিরা ঘাটে বিআইডব্লিউটিএর অনুমোদিত এজেন্ট জগলুল হোসেন নয়নের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সৌভাগ্যবশত, সাগরে পড়ে যাওয়া দুই যাত্রীই প্রাণে বেঁচে গেছেন। তবে এ ঘটনা নৌপথে যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Leave A Reply


Math Captcha
+ 17 = 20