Thursday, July 16

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিনের সৈকত থেকে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাতপরিচয় দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি বিকৃত ও অর্ধগলিত হওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বুধবার সকালে শাহপরীর দ্বীপের ঘোলাপাড়া সৈকত থেকে প্রথম মরদেহটি উদ্ধার করা হয়। পরে দুপুরে সেন্ট মার্টিনের পশ্চিম সৈকত থেকে আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় কোনো ট্রলারডুবি অথবা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী পাড়ি দেওয়ার পথে নৌকাডুবির ঘটনায় মরদেহ দুটি ভেসে আসতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সনজীব জানান, উদ্ধার হওয়া মরদেহটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরনের পোশাক দেখে প্রাথমিকভাবে মরদেহটি একজন রোহিঙ্গা নারীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, দীর্ঘ সময় সাগরে থাকায় দ্বিতীয় মরদেহটি অর্ধগলিত হয়ে যায় এবং মাথা বিচ্ছিন্ন থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ওসমান গনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে নৌপথে মরদেহটি টেকনাফ বা কক্সবাজারে নেওয়া সম্ভব হয়নি। তাই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ধর্মীয় রীতি অনুযায়ী স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

কয়েক দিন ধরে বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচলও বন্ধ রয়েছে।

Leave A Reply


Math Captcha
4 + 6 =