Thursday, July 16

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৮ জুলাই) সকালে দুদকের আবেদনের পর ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান গত ৩০ জুন মেননকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওই দিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৮ জুলাই দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী।

মামলার অভিযোগ অনুযায়ী, অনিয়ম ও প্রতারণার মাধ্যমে পূর্বপরিচিত ১৩ জন প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ ঘটনায় গত বছরের ২২ ডিসেম্বর রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

অভিযোগে বলা হয়, বিধি অনুযায়ী ক্ষমতা না থাকা সত্ত্বেও বিশেষ গভর্নিং কমিটির মাধ্যমে অবৈধভাবে নিয়োগ বোর্ড গঠন করা হয়। বোর্ডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বা তাঁর প্রতিনিধি এবং বিষয়ভিত্তিক শিক্ষক রাখা হয়নি। এছাড়া এনটিআরসিএ সনদ ছাড়াই প্রার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া, লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে না দেওয়া এবং নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যুর অভিযোগও রয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন স্কুলটির সাবেক অধ্যক্ষ ও গভর্নিং বডির সাবেক সদস্যসচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেনসহ গভর্নিং বডির একাধিক সাবেক সদস্য, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। জুলাই আন্দোলন দমনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক হত্যা মামলার পাশাপাশি তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও মানবতাবিরোধী অপরাধের একটি মামলার বিচার চলছে।

Leave A Reply


Math Captcha
+ 45 = 51