রাজধানীর বনানী থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও বিস্ফোরক
আইনের মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ জুলাই) সকালে ভার্চুয়ালি শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন।
এর আগে, গত ২ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম আদালতে খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানির জন্য প্রথমে ৬ জুলাই দিন ধার্য করা হলেও নথি প্রস্তুত না থাকায় তা পিছিয়ে বুধবার ভার্চুয়ালি শুনানির দিন নির্ধারণ করা হয়।
গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
এদিকে গত ১৭ মে হাইকোর্ট সুনির্দিষ্ট মামলা ছাড়া তাঁকে নতুন করে গ্রেপ্তার না দেখানো এবং হয়রানি না করার নির্দেশনা দিয়ে রুল জারি করেন।
এর আগে পৃথক সাতটি মামলায় জামিন পাওয়ার পর গত ২৩ মে তাঁকে নতুন করে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে ৩০ জুন ওই মামলায় তাঁকে জামিন দেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আপিল করলেও ২ জুলাই আপিল বিভাগের চেম্বার আদালত তাঁর জামিন বহাল রাখেন।
এরও আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকার-সংক্রান্ত রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পাঁচ মামলাসহ মোট আটটি মামলায় তাঁর জামিন বহাল রাখেন আপিল বিভাগ। তবে এবার বনানী থানার নতুন হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় তাঁকে পুনরায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেওয়া হয়েছে।

