Thursday, July 16

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইউনিক পরিবহনের বাসচালক কিশোরগঞ্জের দড়ি চরিয়াকোনা গ্রামের তাজুল ইসলাম রুবেল (৫১) এবং ইউনিক পরিবহনের যাত্রী সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নুর মোহাম্মদ (১৫)। বাসচালক ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুর মোহাম্মদ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লাকি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে লাকি পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউনিক পরিবহন ও লাকি পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাসচালক ঘটনাস্থলেই নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave A Reply


Math Captcha
36 − 31 =