রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ‘উগ্রবাদী সংগঠনের’ সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গ্রেপ্তার ছয়জনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
রোববার (৬ জুলাই) তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আরিফুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মাসুম খান।
রিমান্ডপ্রাপ্তরা হলেন শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান এবং বায়োজিত। এর আগে একই দিন ভোর সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার ‘মিনি কক্সবাজার’ থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
আদালতে যাত্রাবাড়ী থানার পরিদর্শক এ বি সিদ্দিক ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কোনাপাড়ার ‘মিনি কক্সবাজার’ এলাকায় আমিন মোহাম্মদ গ্রুপের জমির পাশের একটি বালুর মাঠে কয়েকজন ব্যক্তি কথিত একটি উগ্রবাদী সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে প্রশিক্ষণের জন্য জড়ো হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করলে ছয়জনকে আটক করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সেখানে উপস্থিত থাকার সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। গোয়েন্দা তথ্য ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাদের উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে।
এদিকে, সকালে কড়া নিরাপত্তার মধ্যে গ্রেপ্তার ছয়জনকে আদালতে আনা হয়। শুনানি শেষে একই নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাদের আদালত প্রাঙ্গণ থেকে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা আইনগতভাবে অভিযুক্ত, দোষী সাব্যস্ত নন।

