জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবায় নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন আদেশ অনুযায়ী, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) থেকে পরিচালিত অধিকাংশ এনআইডি সংশোধন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

সোমবার (৬ জুলাই) ইসির এনআইডি শাখার পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন সেবা কার্যক্রম বন্ধ থাকবে।

এ ছাড়া, যেসব আবেদন অনলাইনে করা যায়, সেগুলোর হার্ডকপি আর গ্রহণ করা হবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী, ‘ক-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন সহকারী থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ‘ক’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তা।

এ ছাড়া ‘খ-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, ‘খ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন জেলা নির্বাচন কর্মকর্তা, ‘গ-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ‘গ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

উল্লেখ্য, এতদিন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে জরুরি ভিত্তিতে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’ ও ‘খ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করে আসছিল নির্বাচন কমিশন। নতুন নির্দেশনার ফলে এসব সেবা এখন সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে সম্পন্ন হবে।

Leave A Reply


Math Captcha
26 − = 20