Saturday, November 7

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা তৈরি হলেও তাঁর ঘনিষ্ঠজন ও লেখক তামান্না সেতু দাবি করেছেন, বিপুল সংখ্যক রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি সাময়িকভাবে সাসপেন্ড করেছে।

রোববার (৫ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তামান্না সেতু জানান, শাওনের অ্যাকাউন্টে ব্যাপক হারে রিপোর্ট করা হয়েছিল। তিনি আরও দাবি করেন, যে পোস্টটি ঘিরে বিতর্কের সৃষ্টি হয়, সেটিও শাওন নিজে মুছে দেননি। এ তথ্য তাঁকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন শাওন।

এর আগে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর এবং আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় শাওনসহ ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেয় রাষ্ট্র সংলাপ ফোরাম।

অভিযোগে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান ও আন্দোলন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত মেহের আফরোজ শাওনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাও অ্যাকাউন্টটি সাসপেন্ড হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ফলে শাওনের ফেসবুক অ্যাকাউন্টটি কেন অদৃশ্য হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

Leave A Reply


Math Captcha
32 − = 28