সরকারি যেকোনো অনুষ্ঠানের প্রচারে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচারণামূলক উপকরণের নকশায় অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, নির্দেশনাগুলো অবিলম্বে কার্যকর করতে হবে।
পরিপত্র অনুযায়ী, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। প্রচারণামূলক উপকরণের নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে ফুটে ওঠে।
এতে আরও বলা হয়েছে, সরকারি প্রচারণাসামগ্রী তৈরির ক্ষেত্রে ব্যক্তি-নির্ভর উপস্থাপনার পরিবর্তে সংশ্লিষ্ট কর্মসূচি বা অনুষ্ঠানের বিষয়বস্তুকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক তথ্য যথাযথভাবে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ নির্দেশনা গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

