Saturday, November 7

বিনোদন ডেস্ক: জুলাই আন্দোলন ও শহীদদের স্মৃতিস্তম্ভ নিয়ে অবমাননাকর মন্তব্য ও কর্মকাণ্ডের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) ‘রাষ্ট্রসংলাপ ফোরাম’ (এসডিএফ) নামের একটি সংগঠনের পক্ষ থেকে জিডিটি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অভিযোগটি গ্রহণের পর তা তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার ইউনিটে পাঠানো হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, শান্তা ফারজানা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তাকে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা দিয়ে আঘাত করতে দেখা যায়। অভিযোগকারীদের দাবি, এটি শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর আচরণ।

এছাড়া অভিযোগে বলা হয়েছে, অভিনেত্রী মেহের আফরোজ শাওন জুলাই আন্দোলনকে ‘পরিকল্পিত’ বা ‘সাজানো’ ঘটনা হিসেবে উল্লেখ করে অবমাননাকর বক্তব্য দিয়েছেন।

অভিনেত্রী মাহিয়া মাহির বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে যে, তিনি জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের কর্মকাণ্ডকে ‘অভিনয়’-এর সঙ্গে তুলনা করে কটাক্ষ করেছেন। অভিযোগকারীদের দাবি, এসব বক্তব্য জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আ ন ম আয়াস, কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা এবং কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী শাহবাগ থানায় লিখিত অভিযোগটি জমা দেন।

সংগঠনটি অভিযোগগুলোর বিষয়ে যথাযথ তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Leave A Reply


Math Captcha
− 1 = 9