Saturday, November 7

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে এক কানাডাপ্রবাসীর স্ত্রী তিন সন্তানকে রেখে স্থানীয় এক মসজিদের ইমামের সঙ্গে চলে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ২৭ জুন উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামে ঘটনাটি ঘটে।

অভিযোগে বলা হয়, প্রবাসীর স্ত্রী নিশাত আক্তার স্বামী বিদেশে থাকায় তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। এ সময় চাটখিল দক্ষিণ বাজার এলাকার একটি পাঞ্জেগানা মসজিদের ইমাম মো. রিয়াজ হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, গত ২৭ জুন দুপুরে নিশাত আক্তার তিন সন্তানকে বাবার বাড়িতে রেখে ইমাম রিয়াজ হোসেনের সঙ্গে চলে যান। পরিবারের অভিযোগ, যাওয়ার সময় তিনি ঘর থেকে নগদ ৯ লাখ ১০ হাজার টাকা এবং ছয়টি স্বর্ণের আংটি, পাঁচটি চেইন, দুটি ব্রেসলেট ও ১৪ জোড়া কানের দুলসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে যান।

পরিবারের দাবি, ঘটনার পর ঘর তল্লাশি করে নিশাত আক্তার ও রিয়াজ হোসেনের নামে একটি যৌথ হলফনামা পাওয়া যায়। সেখানে উল্লেখ রয়েছে, তারা গত ৪ মে নতুন কাবিননামার মাধ্যমে বিয়ে করেছেন।

এ ঘটনায় নিশাত আক্তার, ইমাম মো. রিয়াজ হোসেন এবং তার বাবা-মাসহ চারজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এ ঘটনায় উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এখনও পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।

Leave A Reply


Math Captcha
85 − 77 =