Saturday, November 7

ঠাকুরগাঁও প্রতিনিধি: তরুণ প্রজন্মকে উদ্ভাবক ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী গ্রামে সোলেমান আলীর সোলার সেচপাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, শুধু রাস্তাঘাট, মসজিদ বা মাদ্রাসা নির্মাণই উন্নয়নের একমাত্র সূচক নয়; প্রকৃত উন্নয়ন আসে উদ্ভাবনের মাধ্যমে। তিনি তরুণদের নিজের আয় বৃদ্ধির পাশাপাশি অন্যের কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি বলেন, আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থন নিয়ে বিভক্ত না হয়ে তরুণদের উদ্ভাবন ও ব্যবসায় মনোযোগী হতে হবে। পরিবারের ওপর বোঝা না হয়ে নিজস্ব উদ্যোগে সফল হওয়ার জন্য তিনি সোলেমান আলীর উদাহরণ অনুসরণের পরামর্শ দেন।

পরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে জবাবদিহিতা নিশ্চিত করাই গণমাধ্যমের অন্যতম দায়িত্ব।

তিনি বলেন, ভালো কাজের স্বীকৃতির পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধেও সাংবাদিকদের নির্ভয়ে প্রতিবেদন প্রকাশ করা উচিত। একটি শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রকে সুসংহত করে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠান শেষে মির্জা ফখরুল ঠাকুরগাঁও জেলার ২৬৫ জন অসহায় মানুষের মধ্যে ১০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। এছাড়া তুলা চাষ সম্প্রসারণে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এ সময় তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণে কাজ করছে। ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম জনপ্রিয় হয়েছে এবং পর্যায়ক্রমে চার কোটি মায়ের কাছে এ কার্ড পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড বিতরণও চলমান রয়েছে।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
79 − = 72