স্পোর্টস ডেস্ক:
স্পেন জাতীয় দলের তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল হ্যামস্ট্রিং ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠেছেন। তিনি এখন ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।
চলতি বিশ্বকাপে স্পেন দলে থাকলেও এখন পর্যন্ত পূর্ণ সময় খেলেননি ১৮ বছর বয়সী বার্সেলোনা তারকা। তবে নকআউট পর্ব শুরুর আগে তাকে নিয়ে সব ধরনের শঙ্কার অবসান হয়েছে বলে জানিয়েছেন কোচ।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দে লা ফুয়েন্তে বলেন, “ইয়ামাল এখন পুরোপুরি ফিট। প্রয়োজন হলে সে ৯০ মিনিট খেলতে পারবে। আমরা তাকে ধাপে ধাপে খেলিয়েছি এবং তার পুনর্বাসন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে।”
তিনি আরও বলেন, “লামিনে যে কোনো ভূমিকায় খেলতে প্রস্তুত। আমরা সবসময় তাকে সতর্কতার সঙ্গে ব্যবহার করেছি। এখন সে ভালো অবস্থায় আছে এবং মাঠে নামতে মুখিয়ে রয়েছে।”
তবে অস্ট্রিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ইয়ামাল শুরু থেকেই খেলবেন কি না, সে বিষয়ে ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান স্পেন কোচ।
ক্লাব মৌসুমে বার্সেলোনার হয়ে ২৪ গোল ও ১৭ অ্যাসিস্ট করেছিলেন ইয়ামাল। তবে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে লা লিগার শেষ ছয়টি ম্যাচে খেলতে পারেননি তিনি।
বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামেন ইয়ামাল। পরে সৌদি আরবের বিপক্ষে প্রথমবার একাদশে সুযোগ পেয়ে গোল করেন। উরুগুয়ের বিপক্ষে খেলেছেন ৭৬ মিনিট।
এদিকে ইয়ামালের পাশাপাশি উইঙ্গার ইয়েরেমি পিনো ও ভিক্টর মুনিওসও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। নিকো উইলিয়ামসের অবস্থারও উন্নতি হয়েছে, যদিও তাকে নিয়ে এখনও কিছুটা সতর্ক রয়েছে টিম ম্যানেজমেন্ট।
লুইস দে লা ফুয়েন্তের অধীনে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। ২০২৩ নেশনস লিগ ও ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর এবার বিশ্বকাপেও দাপুটে পারফরম্যান্স করছে দলটি। গ্রুপ পর্বে টানা তিনটি ক্লিন শিট রেখে শেষ ষোলো নিশ্চিত করেছে স্প্যানিশরা।
কোচের ভাষায়, “সব খেলোয়াড়ের পুনরুদ্ধার প্রক্রিয়াকে গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইয়ামাল এখন খেলতে প্রস্তুত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তার আত্মবিশ্বাস ও মাঠে নামার প্রবল আগ্রহ।”
২০১০ সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে আর কোনো ম্যাচ জিততে না পারা স্পেন এবার সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্যেই মাঠে নামবে। ইয়ামালের পূর্ণ ফিট হয়ে ফেরাকে সেই লক্ষ্যে বড় প্রাপ্তি হিসেবে দেখছে দলটি।

