নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে হত্যাসহ তিন মামলার আসামি সেলিম মুন্সিকে (৪২) গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় আবদুল আলীম (৩৭) নামের এক কনস্টেবল আহত হয়েছেন।
ঘটনাটি বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ফেরিঘাট এলাকায় ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিম মুন্সি এলাকায় অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহানের নেতৃত্বে রায়পুরা থানার ১০ সদস্যের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নেওয়ার পথে সায়দাবাদ ফেরিঘাট এলাকায় পৌঁছালে ৪০ থেকে ৫০ জন স্থানীয় ব্যক্তি লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
এসআই মো. শাহজাহান জানান, হামলায় কনস্টেবল আবদুল আলীম ইটের আঘাতে আহত হন। এ সুযোগে হামলাকারীরা পুলিশের হেফাজত থেকে সেলিম মুন্সিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান জানান, আহত কনস্টেবল আবদুল আলীমের বাঁ কাঁধে ইটের আঘাত লেগেছে। তাকে এক্স-রে করার পরামর্শ দেওয়া হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর বিপুলসংখ্যক লোকজন জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালায়। ওই পরিস্থিতিতে আসামি পালিয়ে যায়। তাকে পুনরায় গ্রেপ্তারে সায়দাবাদ এলাকায় আবারও অভিযান চালানো হবে।

