সংবাদ:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুর থেকে গৌরীপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকেরা।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ জানায়, গভীর রাতে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় দুটি যানবাহনের দুর্ঘটনার কারণে এ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে।
তিতাস উপজেলার সাগরফেনা গ্রামের বাসিন্দা ও স্কুলশিক্ষক তাপস চন্দ্র সাহা জানান, সকালে ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দিয়ে দাউদকান্দির হাসানপুর এলাকায় যানজটে আটকা পড়েন। মাত্র ছয় কিলোমিটার পথ অতিক্রম করতে তাঁর প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে।
ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের চালক মো. মাইনউদ্দিন বলেন, ভোরে ঢাকা ছাড়ার পর হাসানপুর এলাকায় যানজটে পড়েন। ধীরগতিতে চলতে চলতে গৌরীপুর পর্যন্ত পৌঁছাতে দীর্ঘ সময় লেগেছে।
যানজটের কারণে পরীক্ষার্থীরাও উদ্বেগে পড়েছেন। বরকোটা স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী তানজিনা আক্তার এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. নাইম জানান, তাঁদের পরীক্ষাকেন্দ্র ইলিয়টগঞ্জ ড. মোশাররফ ফাউন্ডেশন ডিগ্রি কলেজে। যানজটের কারণে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে তারা শঙ্কিত।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ মহাসড়কে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে এবং যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

