নিজস্ব প্রতিবেদক:
জুলাই মাসে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে আজ বৃহস্পতিবার (২ জুলাই)। এদিন জুলাই মাসের জন্য নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত সৌদি সিপি (Contract Price) অনুযায়ী ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করে নতুন দাম নির্ধারণ করা হবে।
বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহিদ প্রকৌশলী ভবনের ষষ্ঠ তলায় বিইআরসির শুনানি কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করা হবে।
এ ছাড়া নতুন মূল্যসংক্রান্ত আদেশ কমিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিইআরসি।
এর আগে গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়।

