Saturday, November 7

কুড়িগ্রাম প্রতিনিধি:
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন চেষ্টার শিকার হয়ে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইজলামারী ভুন্দুরচর সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত তিন যুবক হঠাৎ উধাও হয়ে গেছেন। বুধবার (১ জুলাই) সকাল থেকে তাদের আর সীমান্তের শূন্যরেখায় দেখা যায়নি।

গত ১৭ দিন ধরে তারা বিএসএফ ও বিজিবির নজরদারির মধ্যে শূন্যরেখায় অবস্থান করছিলেন। তবে তারা কখন, কীভাবে এবং কোথায় চলে গেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিজিবি ও স্থানীয় বাসিন্দারাও এ বিষয়ে সুস্পষ্ট কোনো মন্তব্য করতে পারেননি।

স্থানীয় সূত্র জানায়, শূন্যরেখায় অবস্থান করা তিন যুবক নিজেদের বাংলাদেশের নাগরিক বলে দাবি করেছিলেন। তাদের দাবি অনুযায়ী, তারা হলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নাঈম মিয়া (২২), সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জহিরুল ইসলাম (২৬) এবং নেত্রকোনার বারহাট্টা উপজেলার পারভেজ (২১)।

স্থানীয় বাসিন্দা রাকিবুল হাসান বলেন, প্রতিদিন নৌকায় করে জমিতে কাজ করতে যাওয়ার সময় তিনি ওই তিন যুবককে দেখতেন। তবে বুধবার সকালে বৃষ্টির পর থেকে তাদের আর সেখানে দেখা যায়নি।

এর আগে গত ১৪ জুন বিএসএফ রৌমারীর গয়টাপাড়া ও ইজলামারী সীমান্ত দিয়ে দুই শিশুসহ নয়জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান নেন।

পরবর্তীতে পরিচয় যাচাই শেষে দুই শিশুসহ ছয়জনকে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তবে পরিচয় নিশ্চিত না হওয়ায় বাকি তিন যুবক শূন্যরেখাতেই থেকে যান। টানা ১৭ দিন খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানবেতর জীবন কাটান তারা। তাদের এই দুর্দশা স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “টানা ১৭ দিন ধরে তিন যুবক ইজলামারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন। তবে বুধবার ভোর থেকে তাদের সেখানে আর দেখা যাচ্ছে না। তারা কোথায় গেছেন, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে বিজিবির নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, সীমান্ত দিয়ে নতুন করে কোনো পুশ ইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে সীমান্তজুড়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Leave A Reply


Math Captcha
75 + = 81