Saturday, November 7

রংপুর প্রতিনিধি:
রংপুরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা পাতার প্যাকেটের ভেতরে লুকিয়ে আনা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মনসুর মণ্ডল ওরফে বোদা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে নগরীর ফায়ার সার্ভিস মোড় এলাকার এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে ইয়াবার চালানটি জব্দ করা হয়। বিষয়টি দুপুরে নিশ্চিত করেন রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবু জাফর।

আটক মনসুর মণ্ডল রংপুরের পীরগঞ্জ উপজেলার কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। তিনি জালাল মণ্ডলের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ডিএনসি।

আবু জাফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রংপুরে ইয়াবার একটি বড় চালান আসছে। এরপর সিভিল পোশাকে ডিএনসির সদস্যরা এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসে নজরদারি শুরু করেন।

তিনি বলেন, পার্সেল নিতে এলে মনসুর মণ্ডলকে আটক করা হয়। পরে পার্সেল খুলে চা পাতার প্যাকেটের ভেতর থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএনসির দাবি, মনসুর একটি ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার পরিচালনা করে আসছিলেন। তিনি কক্সবাজার থেকে মাদক এনে রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন।

আবু জাফর আরও বলেন, মাদক কারবারিরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশলে মাদক পরিবহন করছে। কখনো ফলের কার্টনে, কখনো পোশাকে, আবার কখনো খাদ্যপণ্যের মোড়কে মাদক পাঠানো হচ্ছে। এ ধরনের চক্রের বিরুদ্ধে ডিএনসির অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply


Math Captcha
44 + = 48