Saturday, November 7

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মামলায় আনা আটটি অভিযোগের মধ্যে তিনটি প্রমাণিত হওয়ায় এ দণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায় ঘোষণার সময় কারাগার থেকে হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলার রায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হয়। জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ষষ্ঠ রায়।

ট্রাইব্যুনাল ৩, ৬ ও ৭ নম্বর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন। তৃতীয় অভিযোগে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ষষ্ঠ ও সপ্তম অভিযোগে পৃথকভাবে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং প্রতিটি অভিযোগে ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের আদেশ দেওয়া হয়েছে।

তবে আদালত নির্দেশ দেন, সব সাজা একসঙ্গে (যুগপৎ) কার্যকর হবে। ফলে ইনুকে মোট ১০ বছর কারাভোগ করতে হবে।

অন্যদিকে ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়নি।

রাষ্ট্রপক্ষের তথ্যমতে, মামলার তদন্ত শুরু হয় ২০২৫ সালের ২৫ মার্চ এবং একই বছরের ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। এরপর ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল, ২ নভেম্বর অভিযোগ গঠন এবং ৩০ নভেম্বর বিচার কার্যক্রম শুরু হয়।

মামলায় রাষ্ট্রপক্ষ ১০ জন সাক্ষী এবং আসামিপক্ষ দুইজন সাফাই সাক্ষী উপস্থাপন করে। চলতি বছরের ১৩ এপ্রিল যুক্তিতর্ক শুরু হয়ে ১৩ মে শেষ হয়। পরে ২২ জুন ট্রাইব্যুনাল রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেন।

Leave A Reply


Math Captcha
55 + = 60