Saturday, November 7

আঞ্চলিক প্রতিনিধি, কুড়িগ্রাম: টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে জেলায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

সোমবার (২৯ জুন) সকাল ৯টার তথ্য অনুযায়ী, দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টে পানি ২৯ দশমিক ৮৩ মিটার রেকর্ড করা হয়েছে, যা বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপৎসীমা ২৯ দশমিক ৬০ মিটার। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সেখানে পানির উচ্চতা আরও ৭ সেন্টিমিটার বেড়েছে। একই সময়ে ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ধরলা নদীর কুড়িগ্রাম পয়েন্টে পানি ২৫ দশমিক ৪৫ মিটার, যা বিপৎসীমার ৬০ সেন্টিমিটার নিচে রয়েছে। তালুক শিমুলবাড়ী পয়েন্টে পানির উচ্চতা ৩০ দশমিক ৪৭ মিটার, যা বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রাম সদর এলাকায় ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে পানি ২ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ১৩ সেন্টিমিটার বেড়েছে। তবে এসব পয়েন্টে নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। চিলমারীতে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

অন্যদিকে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি বেড়ে সকাল ৯টায় ২৯ দশমিক ২৫ মিটারে পৌঁছেছে। সকাল ৬টা থেকে ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এটি বর্তমানে বিপৎসীমার মাত্র ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কাউনিয়ায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, উজানের ঢলে দুধকুমার নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। অন্যান্য নদ-নদীর পানিও বাড়ছে। বন্যা পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টার মধ্যে পানি আরও বৃদ্ধি পেয়ে জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

Leave A Reply


Math Captcha
+ 29 = 32