Saturday, November 7

ময়মনসিংহ প্রতিনিধি: জামালপুর থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি কোচ ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যাল এলাকায় লাইনচ্যুত হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বুধবার (২৫ জুন) রাত ১০টা ৪৪ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর লাইনচ্যুত তিনটি কোচ ঘটনাস্থলে রেখে বাকি ১১টি কোচ নিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে রেলওয়ের উদ্ধারকারী দল, রিলিফ ট্রেন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেন। দুপুর ১২টার পর লাইনচ্যুত তিনটি কোচ সফলভাবে উদ্ধার করা হয়।

গৌরীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত কোচগুলো উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে রেললাইন মেরামতের কাজ চলছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজয় এক্সপ্রেসের পরিচালক মাসুদ মিয়া জানান, ট্রেনটি রাত ১০টা ২২ মিনিটে গৌরীপুর জংশনে প্রবেশ করে এবং রাত ১০টা ৪২ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে স্টেশন ত্যাগ করে। স্টেশন ছাড়ার মাত্র দুই মিনিটের মাথায় ট্রেনটির পেছনের তিনটি কোচ লাইনচ্যুত হয়।

তিনি বলেন, “ট্রেনটির গতি তখন কম ছিল। চালক দ্রুত বিষয়টি বুঝতে পেরে ইঞ্জিন বন্ধ করে দেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে কী কারণে কোচগুলো লাইনচ্যুত হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।”

দুর্ঘটনার সময় ট্রেনে থাকা যাত্রী ইফতেখার ইসলাম জানান, তিনি লাইনচ্যুত হওয়া কোচগুলোর একটিতে ছিলেন। হঠাৎ বিকট শব্দ ও তীব্র ঝাঁকুনিতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত কোচ থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান।

আরেক যাত্রী নেওয়াজ আলী জানান, কোচ থেকে নামার সময় হুড়োহুড়ি ও ঝাঁকুনিতে সাত থেকে আটজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে একটি শিশুর অবস্থা গুরুতর ছিল বলে তিনি উল্লেখ করেন।

গৌরীপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে। একই সঙ্গে যাত্রীদের মালামালের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

ময়মনসিংহ রেলওয়ের সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান জানান, বর্তমানে ট্রেন চলাচলে কোনো সমস্যা নেই। তবে একটি ক্রস লাইনে মেরামত কাজ চলমান রয়েছে এবং তা দ্রুত সম্পন্ন করা হবে।

Leave A Reply


Math Captcha
− 3 = 2