Saturday, November 7

ঢাকা: মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষিত আলোচিত অ্যালবিনো বা সাদা মহিষটিকে গবেষণার উদ্দেশ্যে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) স্থানান্তর করা হয়েছে। বর্তমানে মহিষটিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় গত ২১ জুন জাতীয় চিড়িয়াখানা থেকে মহিষটিকে আনুষ্ঠানিকভাবে বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

মহিষটির স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণ ও গবেষণার কার্যক্রম পরিচালনার জন্য ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা গৌতম কুমার দেবকে।

গৌতম কুমার দেব জানান, চিড়িয়াখানা থেকে আনার কারণে মহিষটিকে ১৪ থেকে ২১ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই সময়ে প্রাণীটি রোগমুক্ত কি না এবং সুস্থ অবস্থায় আছে কি না, তা নিশ্চিত করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, “কোয়ারেন্টাইন শেষে মহিষটির প্রজনন সক্ষমতা, শারীরিক অবস্থা এবং গবেষণায় ব্যবহারের সম্ভাবনা নিয়ে বিস্তারিত মূল্যায়ন করা হবে।”

কর্তৃপক্ষ জানায়, খামারে মহিষটিকে মূলত মোটাতাজাকরণের জন্য প্রস্তুত করা হয়েছিল। ফলে দীর্ঘমেয়াদে সংরক্ষণ ও গবেষণার উপযোগী করে তোলা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে।

পবিত্র ঈদুল আজহার আগে প্রায় ৭০০ কেজি ওজনের গোলাপি-সাদা রঙের এই অ্যালবিনো মহিষটি দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসে। মাথার সামনের সোনালি চুল ও বিশেষ শারীরিক বৈশিষ্ট্যের কারণে খামারিরা এর নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

কোরবানির পশুর হাটে ব্যাপক সাড়া ফেলার পর দেশীয় গণমাধ্যমের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে প্রাণীটির বিরল বৈশিষ্ট্য বিবেচনায় সংরক্ষণের সিদ্ধান্ত নেয় সরকার। ক্রেতাকে অর্থ পরিশোধের মাধ্যমে মহিষটিকে উদ্ধার করে জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়।

তবে চিড়িয়াখানায় প্রদর্শনের সময় এর নামের বানান নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পরিচিতি ফলকে ‘ডোনাল্ড ট্রাম্প’-এর পরিবর্তে ‘ডোনাল্ড ট্টাম্প’ লেখা হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দেয়। পরে কর্তৃপক্ষ ফলক সংশোধন করে এবং পরবর্তীতে প্রাণীটির নাম পরিবর্তন করে ‘সাদা মহিষ’ রাখা হয়।

বর্তমানে মহিষটির স্বাস্থ্য পরীক্ষা ও গবেষণামূলক মূল্যায়ন শেষে ভবিষ্যৎ ব্যবস্থাপনা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিএলআরআই।

Leave A Reply


Math Captcha
+ 26 = 36