Saturday, November 7

বরিশালের মেহেন্দিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে যোহরের নামাজ চলাকালে ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

রোববার (২১ জুন) দুপুরে উপজেলার কাজিরহাট থানার আন্দারমানিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল সরদার (৪৫) সৌদি প্রবাসী ছিলেন এবং ওই এলাকার বাসিন্দা। অভিযুক্ত হারুন সরদার তার বড় ভাই। ঘটনার পর তিনি পালিয়ে যান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তি ও খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে ভাইদের মধ্যে বিরোধ চলছিল। একাধিক সালিশ বৈঠকেও সমাধান হয়নি। সম্প্রতি জমি দখল ও ভোগদখল নিয়ে উত্তেজনা বাড়তে থাকে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রোববার সকালে বিরোধপূর্ণ জমিতে ছোট ভাই নজরুল সরদার বেড়া দেন। এর জেরে ক্ষুব্ধ হয়ে যোহরের নামাজ চলাকালে বড় ভাই হারুন সরদার মসজিদে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালান। এতে তার হাত, পা ও পেটে গুরুতর জখম হয়।

মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ জানান, নামাজ চলাকালে হঠাৎ চিৎকার শুনে পেছনে তাকিয়ে তিনি হামলার দৃশ্য দেখতে পান। এ সময় হামলাকারী আরও কয়েকজনকে আহত করেন বলে জানান তিনি।

আহত নজরুল সরদারকে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঘটনার পর এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave A Reply


Math Captcha
17 − 11 =