Saturday, November 7

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে আহত মোটরসাইকেল আরোহী সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন নিহতের মা তানিয়া আক্তার এবং কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ জুন রাত সোয়া ১টার দিকে পূর্ব শেওড়াপাড়ার ইব্রাহিমপুর এলাকায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রাফি হামলার শিকার হন। পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা তার মাথায় ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় কয়েকদিন পর তার মৃত্যু হয়।

ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঢাকা ও ময়মনসিংহ থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে পারভেজ (৩০) ও আনোয়ার হোসেন বাবু (৩২) রয়েছেন।

পুলিশ জানায়, মাদক ব্যবসা ও পূর্ববিরোধের জেরে এই হামলার পরিকল্পনা করা হয়। হামলায় পারভেজ, ফয়সাল ওরফে কালু, বাবু এবং তাদের সহযোগী আমিন জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার জানান, পরিকল্পিতভাবে রাফিকে পথরোধ করে মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। পরে হামলাকারীরাই তাকে অটোরিকশায় তুলে দেয় এবং ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে চালানোর চেষ্টা করে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave A Reply


Math Captcha
+ 43 = 50