Saturday, November 7

স্ত্রী আফরা ইভনাথ ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী ওরফে নিয়ামত উল্লাহ ভূঁইয়ার ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রবিবার (২১ জুন) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক এই রিমান্ড আবেদন করেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আসামির উপস্থিতিতে শুনানির জন্য ২৪ জুন দিন ধার্য করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, জাহের আলভী তার স্ত্রী ইকরাকে উদ্দেশ করে ফেসবুকে অপমানজনক ও উস্কানিমূলক বিভিন্ন পোস্ট প্রকাশ করতেন। এছাড়া তিনি বিবাহিত থাকা সত্ত্বেও অন্য এক নারীর সঙ্গে ছবি ও উস্কানিমূলক মন্তব্য পোস্ট করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। তদন্তের স্বার্থে ঘটনার মূল রহস্য উদঘাটন, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং আসামির স্থায়ী ঠিকানা যাচাইয়ের জন্য ১০ দিনের রিমান্ড প্রয়োজন বলে দাবি করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার আদালত জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার আগে গত ৪ জুন তার মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পান।

মামলার এজাহারে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের নিজ বাসা থেকে ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ওই দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন।

আলভী ও ইকরা ২০১০ সালে বিয়ে করেন এবং তাদের একটি ছেলে সন্তান রয়েছে।

Leave A Reply


Math Captcha
65 + = 69