ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় এবার গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন জার্মানির সমর্থকরা। শনিবার (২০ জুন) বিকেলে জেলা শহরের বিভিন্ন সড়কে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন তারা।
জার্মান জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে ঢাকঢোলের তালে তালে শোভাযাত্রায় অংশ নেন শতাধিক সমর্থক। এ সময় তারা রাস্তায় ফুটবল খেলতে খেলতে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন।
শোভাযাত্রাটি শহরের পৌরপার্ক এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যা পথচারী ও ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে।
সমর্থকরা আশা প্রকাশ করে বলেন, এবারের বিশ্বকাপে জার্মানি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শিরোপা জিতবে। দলের প্রতি সমর্থন জানাতেই তাদের এই ব্যতিক্রমী আয়োজন।
শোভাযাত্রায় জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব কচি সিকদার, ফুটবলার আব্দুল মান্নান মানিসহ বিভিন্ন শ্রেণি-পেশার জার্মান সমর্থকরা অংশ নেন।
বিশ্বকাপকে ঘিরে গোপালগঞ্জে বিভিন্ন দেশের সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। জার্মান সমর্থকদের এই শোভাযাত্রা সেই উচ্ছ্বাসে নতুন মাত্রা যোগ করেছে।

