Saturday, November 7

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেছেন, দলটিতে প্রকৃত জুলাই যোদ্ধার সংখ্যা খুবই কম এবং সুবিধাবাদী ব্যক্তিদের নিয়েই সংগঠনটি গড়ে উঠেছে।

শনিবার (২০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, “কোনোদিন রাজপথে না থাকা সুজাউদ্দিনদের মতো ব্যক্তিদের ফেক বিপ্লবী বানিয়েছে নাহিদ ইসলামরা। এনসিপিতে যুক্ত হলেই আপনি বিশাল বিপ্লবী। বাস্তবে দলটিতে প্রকৃত বিপ্লবী বা জুলাই যোদ্ধার সংখ্যা খুবই কম।”

তিনি অভিযোগ করেন, এনসিপি যদি সুবিধাবাদীদের দ্বারা গঠিত না হতো, তাহলে জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দল বা বিভিন্ন ব্যক্তি সেখানে যোগ দিতেন না।

রাশেদ খানের মতে, কেন প্রকৃত জুলাই যোদ্ধারা এনসিপিতে যুক্ত হচ্ছেন না, সে প্রশ্নের উত্তর দলটির নেতাদের খুঁজে বের করা উচিত। তিনি বলেন, “সেই উত্তর খুঁজে পাওয়া গেলে আবারও জুলাই যোদ্ধারা দলটিতে যুক্ত হয়ে রাজনৈতিক শূন্যতা পূরণে ভূমিকা রাখতে পারে।”

এনসিপির সাংগঠনিক কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, “আমাদের তরুণ বন্ধুদের দ্বারা গঠিত এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম মদের বারে হচ্ছে শুনে ভালো লাগলো। সংগঠনের আন্তর্জাতিক মান রক্ষায় হয়তো এর বিকল্প নেই।”

তিনি আরও বলেন, এনসিপির অনেক নেতা বিদেশে পড়াশোনা করেছেন কিংবা আন্তর্জাতিক এনজিওর সঙ্গে যুক্ত ছিলেন। তাদের কাছে এমন পরিবেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা স্বাভাবিক হতে পারে।

একই সঙ্গে দলটির একজন নারীনেত্রীর অভিযোগের প্রসঙ্গ টেনে রাশেদ খান দাবি করেন, সংশ্লিষ্ট ঘটনায় এখনো কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি। বরং অভিযুক্ত ব্যক্তির রাজনৈতিক অবস্থান ক্ষতিগ্রস্ত করার জন্য অভিযোগকারী নারী ষড়যন্ত্র করেছেন বলে দাবি করা হচ্ছে।

তবে রাশেদ খানের এসব বক্তব্যের বিষয়ে এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave A Reply


Math Captcha
− 4 = 5