Saturday, November 7

ফুটবল বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের উন্মাদনার মধ্যেই পটুয়াখালীতে ঘটেছে ব্যতিক্রমী এক ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর নিজের মাথা ন্যাড়া করিয়েছেন আর্জেন্টিনা সমর্থক কাজী রাফি।

জানা গেছে, পটুয়াখালী শহরের বাসিন্দা কাজী রাফি সম্প্রতি ফেসবুক লাইভে ঘোষণা দেন, হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিল জয়ী হলে তিনি নিজের মাথা ন্যাড়া করবেন। তার এই ঘোষণাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ব্রাজিল নির্ধারিত ম্যাচে জয় পাওয়ার পর শনিবার (২০ জুন) শহরের বিভিন্ন এলাকা থেকে ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় জড়ো হন। পরে তিনি স্বেচ্ছায় বাসা থেকে বের হয়ে শহরের ঝাউবন এলাকায় আসেন।

সেখানে উপস্থিত ব্রাজিল সমর্থকদের সামনেই তার মাথা ন্যাড়া করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অনেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

ব্রাজিল সমর্থক আল আমিন হাওলাদার বলেন, “ফেসবুক লাইভে রাফি বলেছিল, ব্রাজিল জিতলে সে মাথা ন্যাড়া করবে। আজ সে নিজের দেওয়া কথা রেখেছে।”

মাথা ন্যাড়া করার পর কাজী রাফি বলেন, “আমি ফেসবুক লাইভে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করব। ব্রাজিল জিতেছে, তাই আমি আমার কথা রেখেছি।”

স্থানীয়দের মতে, ফুটবলকে কেন্দ্র করে এমন ব্যতিক্রমী ঘটনা এলাকায় আনন্দ ও কৌতূহলের সৃষ্টি করেছে। একই সঙ্গে এটি ফুটবল সমর্থকদের বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা এবং খেলার প্রতি ভালোবাসার একটি মজার উদাহরণ হয়ে উঠেছে।

বিশ্বকাপ ঘিরে দেশজুড়ে যখন সমর্থকদের উন্মাদনা তুঙ্গে, তখন পটুয়াখালীর এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনার জন্ম দিয়েছে।

Leave A Reply


Math Captcha
30 + = 34