রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধান হলো তাদের নিজ দেশ মায়ানমারে দ্রুত প্রত্যাবাসন বলে মন্তব্য করেছে বাংলাদেশ। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেছেন, সংকটের উৎপত্তি যেহেতু মায়ানমারে, তাই এর সমাধানও সেখানেই খুঁজে বের করতে হবে।
শনিবার (২০ জুন) নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মায়ানমারবিষয়ক বিশেষ দূতের ব্রিফিংয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। বিষয়টি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন।
রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, প্রায় এক দশক ধরে বাংলাদেশ মানবিক বিবেচনায় বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তবে দীর্ঘ সময় ধরে এত বড় জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়া বাংলাদেশের জন্য টেকসই নয়।
তিনি উল্লেখ করেন, বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গার উপস্থিতির কারণে বাংলাদেশের ওপর সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত এবং নিরাপত্তাজনিত চাপ ক্রমেই বাড়ছে।
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আরও বলেন, রোহিঙ্গারাও নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায়। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
সংকটের শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আন্তর্জাতিক অংশীদারদের প্রতি কূটনৈতিক উদ্যোগ ও সম্পৃক্ততা আরও জোরদারের আহ্বান জানান।
তার মতে, মায়ানমারে এমন একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে রোহিঙ্গারা নিরাপদে ও স্থায়ীভাবে নিজ দেশে ফিরে যেতে পারে।
বাংলাদেশ আশা প্রকাশ করেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা এবং মায়ানমারের সদিচ্ছার মাধ্যমে দীর্ঘদিনের এই মানবিক সংকটের একটি কার্যকর ও টেকসই সমাধান সম্ভব হবে।

