ঝিনাইদহের কালীগঞ্জে মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. আনোয়ার হোসেন নামের এক অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারকে (এএসপি) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আড়পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আড়পাড়া এলাকায় একটি চক্র প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে। এলাকার সামাজিক পরিবেশ রক্ষা এবং তরুণ সমাজকে মাদকের ক্ষতি থেকে দূরে রাখতে অবসরপ্রাপ্ত এএসপি আনোয়ার হোসেন নিয়মিত এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করে আসছিলেন।
স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার রাতেও একদল ব্যক্তি প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। এ সময় আনোয়ার হোসেন তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং মাদক কারবারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তারে একাধিক দল মাঠে রয়েছে।
তিনি আরও বলেন, “অপরাধী যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

