Thursday, July 16

জাতির কাছে ক্ষমা চাইতে বলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা এ ধরনের দাবি তুলছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব রয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর রমনায় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-অ্যাব আয়োজিত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কিছু আওয়ামী ফ্যাসিস্ট জুলাই যোদ্ধা নাম ধারণ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। তবেই তাদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে।”

বিএনপির এই নেতা আরও বলেন, জুলাই সনদ বাংলাদেশের ভবিষ্যতের পথনির্দেশক। তাই সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যেতে হবে।

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের সুবিধাভোগী কিছু দল চায় না বিএনপি ক্ষমতায় আসুক।

জাতির কাছে ক্ষমা চাইতে নাহিদ ইসলামের দাবির প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, “যারা গণ-অভ্যুত্থানের শক্তি হিসেবে পরিচয় দেন, রাজনৈতিক দল করেছেন, কিন্তু অভিজ্ঞতার অভাবে নানা কথা বলেন—তাদেরকে রাজনৈতিক শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানাই। আমার বক্তব্যকে অপব্যবহার করা হয়েছে। সত্যিকারের জুলাই যোদ্ধারা কোনো বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত থাকতে পারে না।”

এর আগে সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সালাহউদ্দিন বলেন, জুলাই সনদ সইয়ের দিনে যে বিশৃঙ্খলা হয়েছে তা তদন্তাধীন। খোঁজ নিয়ে দেখা গেছে, উচ্ছৃঙ্খল কিছু লোক জুলাই যোদ্ধাদের নামে প্রবেশ করেছিল, যাদের তিনি আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী বলে উল্লেখ করেন।

পরে দুপুরে বাংলামোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সালাহউদ্দিন আহমদ জুলাই যোদ্ধাদের আওয়ামী লীগের ‘দোসর’ বলায় তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

Leave A Reply


Math Captcha
9 + 1 =