নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি করে সমালোচনার মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম। সংসদে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
গত রবিবার (১৪ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় আব্দুল মুনতাকিম নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ বলে উল্লেখ করেন। তবে পরবর্তীতে জানা যায়, তার বাবা-মা দুজনই বর্তমানে জীবিত রয়েছেন।
তথ্যানুসন্ধানে জানা গেছে, তার বাবা আব্দুল কাদের সৈয়দী এবং মা মোসলমান বেগম বর্তমানে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে বসবাস করছেন। তারা ছেলের সঙ্গেই রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে সংসদ সদস্য আব্দুল মুনতাকিম নিজের বক্তব্যকে ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, সংসদে বক্তব্য দিতে গিয়ে অসাবধানতাবশত ভুল তথ্য ও শব্দ উচ্চারিত হয়েছে। এ ঘটনার জন্য তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেন।
এদিকে তার নির্বাচনি হলফনামার তথ্যও নতুন করে আলোচনায় এসেছে। হলফনামা অনুযায়ী, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এই সংসদ সদস্যের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি, যা মহান মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পরের ঘটনা।
বিশ্লেষকদের মতে, জন্মসাল এবং পারিবারিক তথ্য বিবেচনায় তার ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
তবে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করায় বিষয়টি এখন রাজনৈতিক ও সামাজিক আলোচনার নতুন মাত্রা পেয়েছে।

