রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএইএবি) সভাপতি কবির আহমেদ।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সময় সংবাদকে তিনি বলেন, “বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হবে বলে আমরা ধারণা করছি। এয়ার এক্সপ্রেস ইউনিট পুরোপুরি পুড়ে গেছে।”
ফায়ার সার্ভিস জানায়, দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর পেয়ে একে একে ৩৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পাশাপাশি সেনা, বিমান, নৌবাহিনী ও বিজিবির বিভিন্ন ইউনিটও অগ্নি নিয়ন্ত্রণে অংশ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বেড়ে যায়। নিরাপত্তার স্বার্থে উড্ডয়নের অপেক্ষায় থাকা সব উড়োজাহাজ সরিয়ে নেওয়া হয়। তবে ওঠানামা বন্ধ থাকায় ঢাকামুখী ৮টি ফ্লাইট চট্টগ্রাম এবং একটি ফ্লাইট সিলেটে অবতরণ করে।
এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, অব্যবস্থাপনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তাদের আশঙ্কা, ওয়্যার হাউজ এবং একটি এয়ার এক্সপ্রেস ইউনিট সম্পূর্ণভাবে পুড়ে গেছে। প্রাথমিক হিসেবে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১০ হাজার কোটি টাকা।
আগুন অসতর্কতা নাকি অবহেলার কারণে ঘটেছে—তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

