ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুকুরে গোসলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ছোট দেওয়ানপাড়া ও হালুয়াপাড়ার বাসিন্দাদের মধ্যে টর্চলাইট জ্বালিয়ে হওয়া এই সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে হালুয়াপাড়ার তাইম কয়েকজন বন্ধুকে নিয়ে ছোট দেওয়ানপাড়ার একটি পুকুরে গোসল করতে গেলে স্থানীয় শাকিল ও শিপনসহ কয়েকজন তাদের মারধর করেন। এর জেরে রাতে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসেন বলেন, “টর্চলাইটের আলোতে দুই পক্ষ সড়কে নেমে সংঘর্ষে লিপ্ত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।” তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

