সিলেটে একটি হোটেলে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা ও হোটেলের ম্যানেজারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। উত্তেজিত নেতাকর্মীরা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে নগরীর আম্বরখানা এলাকার হোটেল পলাশে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটক দেলোয়ার হোসেন গোয়াইনঘাট উপজেলার জাঙ্গাইল তোয়াক্কুল গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং বর্তমানে সিলেট জেলা যুবলীগের নেতা। বাকি দুজন হলেন হোটেল পলাশের ম্যানেজার শাহীন মিয়া (৪৩) ও হোটেলকর্মী শামসুল আমিন। শাহীন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আসামপুর গ্রামের মৃত দরুস মিয়ার ছেলে। শামসুল একই উপজেলার সাংদাত্তরাই গ্রামের মুক্তার মিয়ার ছেলে।
জানা যায়, হোটেল পলাশের একটি কক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার অবস্থান করছেন, এমন খবর ছড়িয়ে পড়ে। এরপর সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিএনপি, ছাত্রদল ও যুবদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হোটেলের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ সেখানে যায়।
পরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা মিলে হোটেলের একটি কক্ষে তল্লাশি চালিয়ে দেলোয়ারকে আটক করেন। এ সময় হোটেলজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা হোটেলের সামনে এয়ারপোর্ট-আম্বরখানা সড়কে বিক্ষোভ করেন এবং ছাত্রলীগ নেতার পালসার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
উপকমিশনার সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও এলাকাবাসী যৌথভাবে হোটেলে অভিযান চালায়। তখন হোটেল ম্যানেজার জানান, ছাত্রলীগ নেতা সেখানে নেই। পরে পুলিশ তল্লাশি চালিয়ে দেলোয়ারকে আটক করে এয়ারপোর্ট থানায় নিয়ে যায়।
তিনি বলেন, ছাত্রলীগ নেতার অবস্থান সম্পর্কে ভুল তথ্য দিয়ে অসহযোগিতা করায় হোটেল ম্যানেজার এবং তল্লাশিতে বাধা দেওয়ায় আরেক কর্মীকে থানায় নেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে তাঁদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আটক দেলোয়ারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সাম্প্রতিক একটি ঘটনাতেও তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এসব পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আটকের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। দেলোয়ার হোসেনকে আজই আদালতে পাঠানো হবে।

