গোপালগঞ্জের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ সময় সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত জেলার সব থানা এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়।
যৌথ বাহিনী জানায়, জেলার বিভিন্ন থানায় ১৫টির বেশি স্থানে অভিযান চালানো হয়েছে। চারটি দল ও রিজার্ভ সদস্যসহ মোট ৩১৫ জন সদস্য এতে অংশ নেন।
আটকরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রামের ফারুক মোল্লা ও অসিকুল সরদার এবং মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের শফিউল আলম ও কাইয়ুম শেখ।
আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য, ফারুক মোল্লা সুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সম্প্রতি গোপালগঞ্জে সরকারবিরোধী কর্মকাণ্ড, ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন মিছিল-সমাবেশে লোকসমাগম সংগঠিত করার অভিযোগও আছে।
অসিকুল সরদার সুকতাইল ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। তিনি বিভিন্ন মিছিল-সমাবেশ আয়োজনের পাশাপাশি নাশকতা ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
মুকসুদপুর থেকে আটক শফিউল আলম ও কাইয়ুম শেখের বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে উসকানি দেওয়া, সংগঠিত করা ও আয়োজনের অভিযোগ রয়েছে। তাদের ছোট ভাই তরিকুল ইসলাম মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
অভিযানের সময় আটকদের কাছ থেকে মোট সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। যৌথ বাহিনী জানিয়েছে, এসব ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

