Wednesday, November 18

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কার্যালয়ে অনিয়ম-দুর্নীতির ভিডিও ফুটেজ ফাঁসের সন্দেহে এক সহকর্মীকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আরেক কর্মচারীর বিরুদ্ধে। সোমবার দুপুরে কেরানীহাটে এস আলম পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। এ সময় ওই কর্মচারীর কাছ থেকে নগদ ৩৬ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

অভিযুক্ত কর্মচারীর নাম ফয়সাল আহমদ। তিনি সাতকানিয়া পিডিবি কার্যালয়ে লাইন পরীক্ষা-নিরীক্ষার দায়িত্বে রয়েছেন। এ ঘটনায় তাঁর সঙ্গে আব্দুল করিম নামে স্থানীয় এক ব্যক্তিরও সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তবে মোবাইল ফোন নিয়ে নেওয়ার কথা স্বীকার করলেও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ফয়সাল।

ভুক্তভোগী পিডিবি কর্মচারী নজরুলের অভিযোগ, সাতকানিয়ায় বিদ্যুৎ সংযোগে অনিয়ম, অবৈধ লাইন স্থাপন এবং বাণিজ্যিক ভবনে আবাসিক মিটার ব্যবহারের মাধ্যমে অর্থ আদায়ের বিভিন্ন অভিযোগের ভিডিও ফুটেজ সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়। এসব তথ্য ফাঁসের সন্দেহে আবাসিক প্রকৌশলী শোভন ভৌমিক ও ফয়সাল আহমদ তাঁকে দায়ী করেন।

নজরুলের ভাষ্য, সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে কেরানীহাটের এস আলম কাউন্টারের সামনে এস আলম পরিবহনের ১৫৩২ নম্বর বাস থেকে তাঁকে নামিয়ে মারধর করেন ফয়সাল ও আব্দুল করিম। এ সময় তাঁর মোবাইল ফোন ও নগদ ৩৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

বাসের চালক ফোরকান, সহকারী ও অন্য যাত্রীরা তাঁর চিৎকার শুনে এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন বলে জানান নজরুল।

অভিযোগের বিষয়ে ফয়সাল আহমদ মোবাইল ফোন নেওয়ার কথা স্বীকার করেন। এমনকি ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনের ছবি ও তিন মিনিটের একটি ভিডিও ফুটেজও পাঠান তিনি। ফয়সালের দাবি, অফিসের তথ্য পাচার করেছেন নজরুল। এ কারণে তাঁর মোবাইল ফোন নেওয়া হয়েছে। তবে তাঁকে মারধর করা হয়নি।

ঘটনার সময় উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন আব্দুল করিমও। ১১ মিনিটের ফোনালাপে তিনি মোবাইল ফোন নিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করলেও কোনো টাকা নেওয়া হয়নি বলে দাবি করেন। করিম নিজেকে ফয়সালের বোনজামাই পরিচয় দিয়ে নজরুলকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার অনুরোধ করেছেন বলেও জানান।

নজরুলের অভিযোগ, আবাসিক প্রকৌশলী শোভন ভৌমিকের ইন্ধনেই তাঁকে মারধর ও লাঞ্ছিত করা হয়েছে। তিনি আরও দাবি করেন, করিম নিয়মিত পিডিবি কার্যালয়ে যাতায়াত করেন এবং ফয়সালের সঙ্গে একটি কক্ষে বসে জুয়া খেলেন ও ইয়াবা সেবন করেন। বিষয়টি পিডিবির প্রধান প্রকৌশলীকে জানিয়েছেন জানিয়ে নজরুল বলেন, লিখিত অভিযোগ দেওয়ার পর এ ঘটনায় ফৌজদারি মামলা করবেন।

এদিকে সাতকানিয়া পিডিবি কার্যালয়ে অনিয়মের অভিযোগও রয়েছে ফয়সাল আহমদের বিরুদ্ধে। বৈধ সংযোগের পাশাপাশি অবৈধ লাইন স্থাপন করে অর্থ আদায় এবং বাণিজ্যিক ভবনে আবাসিক মিটার ব্যবহারের সুযোগ করে দিয়ে টাকা নেওয়ার অভিযোগে সম্প্রতি তাঁর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে ভিডিওসহ প্রতিবেদন প্রকাশিত হয়। এসব অনিয়মের সঙ্গে আবাসিক প্রকৌশলী শোভন ভৌমিকের সহযোগিতার অভিযোগও করেছেন সংশ্লিষ্টরা।

তবে এসব অভিযোগের বিষয়ে আবাসিক প্রকৌশলী শোভন ভৌমিকের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর দেননি

Leave A Reply


Math Captcha
24 + = 28