Thursday, November 19

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকেরা। বিক্ষোভের একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) একটি গাড়িতে আগুন দেওয়া হয়। আগুনে গাড়িটি পুড়ে গেছে।

জানা গেছে, গাড়িটি জিএমপির উপকমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ব্যবহার করতেন।

আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মহানগরীর ছয়দানা ও হাড়িকেন এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে।

গাজীপুর চৌরাস্তা আধুনিক ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রাজীব হোসেন বলেন, পুড়ে যাওয়া গাড়িটি জিএমপির। এটি মূলত ডিসি ব্যবহার করেন। গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জিএমপির উপকমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও দেখতে তিনি গাড়িসহ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে নেমে পড়েন। এ সময় মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া পোশাক শ্রমিকেরা ইট-পাটকেল ছুড়তে থাকেন। শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলে হঠাৎ কিছু মানুষ গাড়ির আশপাশে চলে আসায় চালক গাড়ি সরাতে পারেননি।

তিনি আরও বলেন, শ্রমিকেরা আগে থেকেই তাঁর গাড়িকে লক্ষ্যবস্তু করে রেখেছিলেন। এ সময় গাড়িতে আগুন ধরিয়ে দিলে সেটি পুড়ে যায়।

জিএমপি কমিশনার আশিক সাঈদও আগুন দেওয়া গাড়িটি মহানগর পুলিশের বলে নিশ্চিত করেছেন।

Leave A Reply


Math Captcha
− 4 = 2