চট্টগ্রামের ফটিকছড়ির বাগানবাজারে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ফেনী নদীতে ডুবে সাইমন (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ফেনী নদীর পানুয়া অংশে অফিসটিলা সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইমন করালিয়া তাকিয়া ইসলামপুর এলাকার সাদেক মিয়ার ছেলে। মাদ্রাসা বন্ধ থাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নদীতে ডুবে তার মৃত্যু হয়।
বাগানবাজার ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত ৯টায় করালিয়া তাকিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সাইমনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সাইমনের অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

