Thursday, October 22

মনছুর আলম মুন্না, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে সুপারি বাগান পাহারা দিতে গিয়ে অস্ত্রধারীদের হাতে অপহৃত হয়েছেন মো. রফিক নামে এক যুবক। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালীর চাকমাপাড়ায় এ ঘটনা ঘটে। অপহরণের সময় দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে জানিয়েছেন তাঁর ছোট ভাই।

অপহৃত রফিক ওই এলাকার মমতাজ আহমদের ছেলে। তাঁর ছোট ভাই মো. রাকিব জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও সুপারি বাগান পাহারা দিচ্ছিলেন রফিক। এ সময় কুকুরের ডাক শুনে বাগানে সুপারি চুরির সন্দেহে তিনি এগিয়ে যান। তখন অস্ত্রধারী ১২-১৩ জনের একটি দল তাঁকে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। যাওয়ার সময় তারা চার থেকে পাঁচটি ফাঁকা গুলি ছোড়ে।

ঘটনার পর পাহাড়সংলগ্ন এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁরা দ্রুত রফিককে উদ্ধার এবং অপহরণে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

খবর পেয়ে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক আবু সাঈদ তিনটি দল নিয়ে ঘটনাস্থলে যান। তিনি বলেন, অপহৃত যুবককে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। পূর্বশত্রুতার জেরে, নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave A Reply


Math Captcha
− 6 = 4