রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা ও সাবেক সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুজ্জামানকে (৭৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) গভীর রাতে মোহাম্মদপুর থানা পুলিশের একটি বিশেষ দল লালমাটিয়ার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল লালমাটিয়ার ই-ব্লকের ৫/১৪ নম্বর ভবনের ডি-৩ নম্বর ফ্ল্যাটে অভিযান চালায়। সেখান থেকে শামসুজ্জামানকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
গ্রেপ্তার শামসুজ্জামান বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সাবেক অর্থ পরিচালক। ২০১২ সালে সরকারি চাকরি থেকে অবসর নেন তিনি।
পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
তবে অভিযান ও মামলার বিষয়ে বিস্তারিত জানতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

