Thursday, October 22

সিলেট নগরীর একটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের পোশাক পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করায় এক এএসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

অভিযুক্ত পুলিশ সদস্য উদয়ন ফারুক জালালাবাদ থানায় কর্মরত ছিলেন। গান গাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের নির্দেশে তাকে তাৎক্ষণিক প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বুধবার জানান, সরকারি পোশাক পরে দায়িত্ব পালনের সময় অন্য কাজে জড়িয়ে পড়া দায়িত্বহীনতা ও অবহেলার শামিল। এ ঘটনায় প্রাথমিক তদন্ত ও বিভাগীয় ব্যবস্থার অংশ হিসেবে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাতে নগরীর আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে উদয়ন ফারুক পূজা উদযাপন পরিষদের মঞ্চে উঠে পুলিশের পোশাক পরা অবস্থায় জেমসের ‘ওরে ওরে হাওয়া’ গানটি পরিবেশন করেন। পরে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে।

ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে জালালাবাদ অঞ্চলের সহকারী কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে চূড়ান্ত বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
+ 80 = 83