মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা: চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় সাদেক মিয়া (৫৯) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজারের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদেক মিয়া উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের সৈদালী এলাকার মাওলানা আব্দুল জব্বার বাড়ির মজিবুল হক মিস্ত্রীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে অটোরিকশা নিয়ে বড়তাকিয়া বাজারের ইউটার্ন অতিক্রম করার সময় দ্রুতগতির একটি প্রোবক্স গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা মো. ফারুক জানান, দুর্ঘটনায় সাদেক মিয়ার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ শরিফুজ্জামান ভূঁইয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

